জলঢাকা ছাত্রলীগের সম্মেলন পণ্ড
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২২:৪২
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন পণ্ড ও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ লাঞ্ছিত ও অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘ ৫ বছর পর আহূত এ সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ছাত্রলীগ নেতা-কর্মী মিছিল নিয়ে জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ে জমায়েত হয়। বৈরী আবহাওয়ার কারণে রাতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম পর্বের আলোচনা শুরু হয়। আলোচনার শেষ পর্যায়ে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মঞ্চের পিছনে বিশৃঙ্খলার সৃষ্টি করলে নেতৃবৃন্দ মাইকে নেতা-কর্মীদের সম্মেলন স্থলে আসার জন্য নির্দেশ দেন। নেতা-কর্মীরা না আসায় জেলাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং সম্মেলন স্থল ত্যাগ করেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কিছু সংখ্যক নেতা-কর্মী স্থানীয় ট্রাফিক মোড়ে কেন্দ্রীয় ও জেলা নেতাদের ধাওয়া দিয়ে আটক করে অশালীন ভাষায় গালিগালাজ এবং কেন্দ্রীয় নেতা সুমন তালুকদারকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং নেতৃবৃন্দ বহনকারী মাইক্রোবাসের ড্রাইভারকে মারধর করে। অবস্থা বেগতিক দেখে নেতারা পৌর কার্যালয়ে আশ্রয় নেন এবং সেখানে দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, যুবলীগ সভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুরসহ উপজেলা নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে জেলা নেতৃবৃন্দ এক লিখিত আদেশে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের কার্যক্রম স্থগিত করেন।