মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বর্ষণ

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় রাজধানীসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো অঝোর ধারায় নামছে। এ অবস্থা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ১২ ঘণ্টায় কক্সবাজারে ১১৮ মি.মি., টেকনাফে ১১৪ মি.মি., কুতুবদিয়ায় ৯৫ মি.মি., ময়মনসিংহে ৮৯ মি.মি., চট্টগ্রামে ৬২ মি.মি., খেপুপাড়ায় ৫৫ মি.মি., ফেনীতে ৪৯ মি.মি. এবং ঢাকায় ১৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর এ সক্রিয়তার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর-বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার আশংকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।