পীরভক্ত জারদারি!
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২২:৪৫
পাকিস্তানের পীরভক্ত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে বিদেশী কূটনীতিকরাও তুচ্ছ হয়ে পড়ছেন। তিনি তার পীরের আদেশ মানতে গিয়ে কূটনীতিকদের সময় দিচ্ছেন না। তার সামপ্রতিক আচরণে এমনটাই লক্ষ্য করা গেছে। খবর ডনের।
চীন, ব্রুনাই, লেবানন এবং উরুগুয়েসহ ৮টি দেশের রাষ্ট্রদূতকে পাকিস্তানে নতুন করে নিয়োগ দিয়েছে দেশগুলোর সরকার। তারা গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্টের কাছে তাদের পরিচয়পত্র পেশ করার জন্য সময় চাইলেও প্রেসিডেন্ট জারদারি সময় দিচ্ছেন না। তার ভ্রমণ পরিকল্পনার কারণে দুইবার সময় পেছানো হয়। কূটনীতিক প্রথা অনুযায়ী, একজন রাষ্ট্রদূত নিয়োগ পাওয়া দেশের প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করার আগে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক কর্মকান্ড শুরু করতে পারেন না। তিন সপ্তাহ আগে ইসলামাবাদে পরিচয় পেশ করার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট করাচি যাওয়ার জন্য ওই অনুষ্ঠান বাতিল করতে কর্মকর্তাদের বাধ্য করেন। জানা গেছে, জারদারিকে তার পীর বলেছেন, তার মাথার ওপর অশুভ শক্তি ভর করেছে। এই অশুভ শক্তি দূর করে সৌভাগ্যের শক্তিকে ফিরিয়ে আনতে জারদারিকে সমুদ্র তীরবর্তী এলাকায় কিছুদিন থাকার পরামর্শ দেয়া হয়। পীরের ওই পরামর্শেই তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত করে বন্দরনগর করাচিতে ছুটে যান। তার এই ভ্রমণের কারণে রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান গত ২৪ জুন নির্ধারিত ছিল। কিন্তু সেই তারিখ পরিবর্তন করা হয়।