মার্কিন সিনেটে অভিবাসন সংস্কার বিল পাস
প্রকাশ : ২৮ জুন ২০১৩, ২২:৪৬
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অভিবাসন সংস্কার বিল দেশটির আইন পরিষদ কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। এখন আইন পরিষদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হলেই দেশটির এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার দরজা খুলে যাবে। প্রতিনিধি পরিষদে পাস হলে বিলটির আইনে পরিণত হওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। গত বৃহস্পতিবার বিলটি সিনেটে পাসের পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এটিকে অভিবাসন আইন সংস্কারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে ৬৮ ভোট ও বিপক্ষে ৩২ ভোট পড়ে। ৫২ জন ডেমোক্র্যাট দলের সিনেটরের সবাই এবং রিপাবলিকান ৪৬ সিনেটরের মধ্যে ১৪ জন ও দুজন স্বতন্ত্র সিনেটর বিলটির পক্ষে ভোট দেন। আর ৩২ জন রিপাবলিকান সদস্য বিলটির বিপক্ষে ভোট দেন। বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদে এটি ব্যাপক বাধার সম্মুখীন হতে পারে। কারণ প্রতিনিধি পরিষদের বেশিরভাগ সদস্যই রিপাবলিকান দলের। অবৈধ অভিবাসীদের মধ্যে প্রায় এক লাখ বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আইন অনুযায়ী যারা ২০১২ সালের আগে থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাবেন। এদের মধ্যে কেউ আবার গুরুতর কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে এই সুবিধা পাবেন না।
বিল অনুযায়ী বৈধতার জন্য অনুমতি পাওয়া অভিবাসীদের প্রথমে নির্দিষ্ট ফি দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। দুই বছর অন্তর অন্তর এই ওয়ার্ক পারমিট নবায়ন করে ১০ বছর পর সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের পূর্ণ নাগরিকত্ব তথা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বিলটি আইনে পরিণত হলে অবৈধপথে কোনো বিদেশি যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণের প্রতিবেশী মেক্সিকোর ২ হাজার মাইল সীমান্তের অন্তত ৭শ’ মাইল জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে। সীমান্ত রক্ষীর সংখ্যা ২০ হাজারের স্থলে ৪০ হাজারে উন্নীত করতে হবে। এছাড়া, ওয়ার্ক পারমিট তথা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমতি যাদের নেই, তারা কেউ চাকরি পাবেন না তা নিশ্চিত করতে প্রতিটি কর্মস্থলে বিশেষ প্রযুক্তির ব্যবস্থা করতে হবে। বিলটিতে অদক্ষ শ্রমিক ও কৃষি শ্রমিকের কোটা দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে এবং অদক্ষ শ্রমিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি দেয়ার বিধান রাখা হয়েছে।