শেষ হলো ৭ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

দৃক গ্যালারিতে আয়োজিত ৭ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ‘ইমার্জড ফ্রম আননোন ভি’ গত ২৮ শে জুন শেষ হয়েছে। অটিস্টিক শিশুদের সুপ্ত প্রতিভার সাথে সমাজকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাত্র সংগঠন হ্যান্স সার্ফ এক্সেল-এর সহযোগিতায় এ চিত্র প্রদর্শনীটি আয়োজন করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিল সেইসব বিশেষ শিশুরা যাদের আঁকা ছবি গত সাত দিন ধরে দৃক গ্যালারিকে রঙিন করে রেখেছিল। অনুষ্ঠানের শুরুতে হ্যান্স এর চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন প্রত্যেক শিশুকে তাদের অংশগ্রহণের স্বাক্ষর স্বরূপ সনদপত্র প্রদান করেন । অটিস্টিক শিশুদের আঁকা সর্বমোট ১২০টি ছবি প্রদর্শিত হয়েছিল এ চিত্র প্রদর্শনীতে। এ প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ অটিস্টিক শিশুদের প্রতিভা ও মেধা সম্পর্কে জানার সুযোগ পেয়েছিল। শুধুমাত্র প্রদর্শনী নয়, বিশেষ শিশুদের আঁকা প্রতিটি ছবি বিক্রয়ের জন্যও উন্মুক্ত ছিল।