রাসিকের ৩১০ কোটি
টাকার বাজেট
ঘোষণা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:১৬
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০১৩-১৪ অর্থবছরের ৩০৯ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৮৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবন সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সাধারণ সভায় রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল হামিদ সরকার টেকন প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি ২০১২-১৩ অর্থবছরের ২৩৫ কোটি ২৬ লাখ ৬১ হাজার ১১২ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেন।
বর্তমান পরিষদের সিনিয়র সদস্য ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক হোসেন রতনের সভাপতিত্বে এই বিশেষ সাধারণ সভায় বাজেট নিয়ে কাউন্সিলরদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এবং প্রধান প্রকৌশলী আশরাফুল হক। জানা গেছে, আয়-ব্যয় সমান ধরে প্রস্তাবিত বাজেটে কর বৃদ্ধির পরিবর্তে কর আদায়, আর্থিক শৃঙ্খলা রক্ষা, অপচয় রোধে গুরুত্বারোপ ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি করা হয়েছে।