আলোকপাত
ক্রেডিট কার্ড জালিয়াতি
বন্ধ করুন
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৩০
এখন জীবনযাপন যেমন জটিল হয়ে গেছে, তেমনিভাবে ফাস্ট মানে দারুণ গতিসম্পন্ন হয়ে উঠেছে। কথাটা সবাই বলেন। মিথ্যে নয় কথাটা। সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদের লাইফ স্টাইলও পুরোপুরি বদলে গেছে। বাস্তবতার প্রয়োজনেই আমাদের সবাইকে অনেক কিছুর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হচ্ছে। আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে অনেক কিছুই। এর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা বলা যায়।
কিন্তু গত বেশ কিছুদিন ধরে বাজারে একদল ক্রেডিট কার্ড জালিয়াতের আবির্ভাব ঘটেছে। ক্রেডিট কার্ড জালিয়াতির বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এর মধ্যে, যা সবার মনে এক ধরনের আতংক ও অনিশ্চয়তাবোধ সৃষ্টি করেছে। প্রতারক সংঘবদ্ধ হয়ে ঘটনাগুলো ঘটাচ্ছে। ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে তারা ব্যাংক থেকে বিভিন্নজনের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। জানা গেছে, বন্দরনগরী চট্টগ্রাম থেকে গত এক বছরে এই জালিয়াতচক্র শত কোটি টাকা লোপাট করেছে। তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থা। প্রতারকচক্রের সদস্যরা সংশ্লিষ্ট ব্যাংকের আইটি এক্সপার্ট কিংবা সিস্টেম এনালিস্টের ভুয়া পরিচয়পত্র তৈরি করে ভয়ংকর সব জালিয়াতির কাণ্ড ঘটাচ্ছে। সেই পরিচয়পত্র এটিএম বুথের নিরাপত্তা প্রহরীদের দেখিয়ে তাদের বোকা বানিয়ে নিজেদের অপকর্ম করে চলেছে। প্রতারকচক্রের সদস্যরা এটিএম বুথের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে বুথের দরজায় আঠা দিয়ে একটি বিশেষ ডিভাইস বা ম্যাগনেটিক কার্ড রিডার বসিয়ে এটিএম কার্ডের সব তথ্য স্ক্যান করছে। এটিএম বুথের বাটন যেখানে থাকে ঠিক তার উপরে গোপন মুভি ক্যামেরা বসিয়ে জালিয়াতচক্র এটিএম বুথে টাকা তুলতে আসা ক্রেডিট কার্ডধারীদের গোপন পিন নম্বরও জেনে নিচ্ছে। অন্যান্য পদ্ধতিতেও ব্যাংকের একাউন্ট হোল্ডারদের তথ্য-উপাত্ত হাতিয়ে নিয়ে প্রতারকচক্রের লোকজন এটিএম এবং ক্রেডিট কার্ডের তথ্য জেনে বিভিন্নজনের একাউন্টে হানা দিচ্ছে।
ক্রেডিট কার্ড জালিয়াতি এখন দুনিয়াজুড়েই মহাবিড়ম্বনা হিসাবে গণ্য হচ্ছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এর বিস্তার সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার কারণে এবং নগদ টাকা নিয়ে ব্যাংকে যাওয়া-আসার পথে চুরি-ছিনতাই থেকে রক্ষা পাওয়ার আশায় যারা ক্রেডিট কার্ডের উপর ভরসা করছিলেন তারা এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। আমাদের এখানে ক্রেডিট কার্ড জালিয়াতচক্রের কালো থাবা থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে আরো সতর্ক ও সাবধানী হতে হবে। সাইবার ক্রাইম রোধে ব্যাংকের আইটি বিভাগগুলোকে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হতে হবে। এটিএম বুথগুলোর নিরাপত্তায় অত্যাধুনিক কলাকৌশল প্রয়োগ করতে হবে। আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর মনোভাব নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের একান্ত প্রত্যাশা।
পূর্ব বাসাবো, ঢাকা।