লাউয়াছড়ায় গাড়ি চাপায় মারা যাচ্ছে বিলুপ্ত প্রজাতির সাপ

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের অভয়ারণ্য কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ফিবছর এ উদ্যান থেকে বেরিয়ে পড়া বিলুপ্ত প্রজাতিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ৫শ’ সাপের মৃত্যু হচ্ছে গাড়ি চাপায়। এভাবে চলতে থাকলে এক সময় হারিয়ে যাবে ঐতিহ্যবাহী লাউয়াছড়া বনের বিরল প্রজাতিসহ প্রায় ৩২ প্রজাতির সাপের বংশ। সমপ্রতি এক সাপ গবেষকের পরিচালিত গবেষণার জরিপে এই তথ্য পাওয়া গেছে। লাউয়াছড়ায় সাপ নিয়ে গবেষণা করতে আসা তরুণ সাপ গবেষক শাহরিয়ার সিজার মাহমুদ জানান, এ পর্যন্ত তার দেখা মেলা ৩৫ প্রজাতির মধ্যে ১৪ প্রজাতির সাপই তিনি গাড়ি চাপায় মৃত অবস্থায় সনাক্ত করতে সক্ষম হয়েছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রতিদিন গাড়ি চাপায় ও কাঠচোরদের হাতে ৪/৫টি করে সাপ মারা যাচ্ছে। তবে এ অবস্থা থেকে উত্তরণের পথ হিসেবে গবেষকরা বলেছেন, লাউয়াছড়ার ভেতরে পাকা রাস্তা দিয়ে চলাচলকারী প্রত্যেকটি যানবাহনকে সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। কোন অবস্থায় লাউয়াছড়ার ভিতরে ২০ থেকে ৩০ কিলোমিটারের বেশি বেগে গাড়ি চালাতে দেয়া উচিত নয়। সাপ কিংবা বন্যপ্রাণী দেখলে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আগে তাকে যেতে দিতে হবে। এ ব্যাপারে সিলেট বিভাগীয় বন সংরক্ষক (বন্যপ্রাণী) মাহাবুর রহমান জানান, এটা রোধ করা কঠিন। লাউয়াছড়ায় সাইনবোর্ড দিয়ে গাড়ি ধীরে চালানোর জন্য সর্তকবাণী দেয়া হয়েছে। তবে বন্যপ্রাণীর নিরাপদের জন্য এ রাস্তাটি পরিবর্তন করে লাউয়াছড়া ন্যাশনাল পার্ককে যানবাহনের আওতামুক্ত রাখাই সর্বোত্তম।