বড়াইগ্রামে বাঘডাশার ২টি বাচ্চা উদ্ধার

নাটোর বড়াইগ্রাম উপজেলার খাকসা গ্রামে শুক্রবার সন্ধ্যায় দুটি বাঘডাশার বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় লোকজন। স্থানীয় স্কুল শিক্ষক ইজাদুল ইসলাম জানান, শুক্রবার খাকসা গ্রামের আব্দুল আজিজ তাদের বাড়ির পাশের বাঁশঝাড়ে একটি বড় আকারের বাসা দেখতে পান। পরে তার ভাই আহসানকে সাথে নিয়ে বাঁশটি ধরে ঝাঁকি দিলে মা বাঘডাশাটি একটি বাচ্চাসহ পালিয়ে যায়। এ সময় অপর বাচ্চা দুটি মাটিতে পড়লে লোকজনসহ পিছু ধাওয়া করে তাদের আটক করেন। বাচ্চা দুটির গায়ে হাল্কা ডোরা কাটা দাগ আছে। নখগুলো বেশ ধারালো, মুখ কিছুটা চোখা এবং লেজ প্রায় ১০ ইঞ্চি লম্বা। আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকার শ’ শ’ মানুষ বাচ্চা দুটি দেখার জন্য আব্দুল আজিজের বাড়িতে ভিড় করছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রাজশাহী আঞ্চলিক কর্মকর্তা আশরাফুল ইসলাম বাচ্চাগুলোকে বাঘডাশার বাচ্চা নিশ্চিত করে জানান, বাচ্চাগুলোর বয়স কম। মা ছাড়া এদের বাঁচানো সম্ভব নয়। তাই যেখান থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়েছিল, সেখানে তার মায়ের কাছাকাছি ছেড়ে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।