মিরসরাইয়ে তলিয়ে গেছে সড়ক, রোপা আউশ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৫৭
গত দুই দিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক ও রোপা আউশ পানির নিচে তলিয়ে গেছে। পাহাড়ী ঢলের তোড়ে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। অধিকাংশ ইউনিয়নের বাসিন্দারা বসতঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে।
অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার শতাধিক খাল, ছড়া দীর্ঘদিন যাবত্ খনন ও সংস্কার না করার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া অধিকাংশ স্থানে খাল ও ছড়া দখল করে অপরিকল্পিত বাড়ি-ঘর নির্মাণ জলাবদ্ধতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার স্লুইস গেটগুলো বিকল হয়ে পড়ায় পানি নিষ্কাশনের পরিবর্তে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ মধ্যম খাজুরিয়া গ্রামের প্রায় দুই শতাধিক বাড়ি-ঘর পানির নিচে। এদিকে উপজেলার ফেনাপুনি, গোভনীয়া, গণিটোলা, মসজিদিয়া, গাছবাড়িয়া, ফরফরিয়া, মাঈজগাঁও, মধ্যম ওয়াহেদপুর, মিঝিগ্রাম, তারাকাটিয়া, দুর্গাপুর, মসজিদিয়া, ইসলামপুর, ইমামপুরসহ শতাধিক গ্রাম পানিতে ঢুবে গেছে। ওয়াহেদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মফিজ উদ্দিন জানান, পাহাড়ী ঢলে মধ্যম ওয়াহেদপুর এলাকার প্রায় আড়াইশ বাড়ি-ঘর পানিতে ডুবে রয়েছে।
উপজেলার মত্স্য জোন হিসেবে খ্যাত মুহুরী প্রকল্প এলাকায় শতাধিক মত্স্য ঘের থেকে বৃষ্টির পানিতে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে বলে জানান মত্স্য চাষি মোস্তফা চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী জানান, দুই দিনের বর্ষণে রোপা আউশসহ ফসলের ক্ষতি হয়েছে। তবে দুই-একদিনের মধ্যে পানি সরে গেলে বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে কৃষকরা রক্ষা পাবে।