ভেড়িবাঁধ ভেঙে রামু ও উখিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন
রামু (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২১:৫৭
কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল অফিসেরচর এলাকার আতিক্কাবিবির ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নির্মাণাধীন সেতুর পাশে ভেড়িবাঁধ ভেঙে রামু উখিয়া সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তিন দিনের প্রবল বর্ষণে রামু উপজেলার এগার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নাইক্ষ্যংছড়ি জারুলিয়াছড়ি ও কাউয়ারখোপ এলাকায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক গত তিনদিন ধরে পানিতে ডুবে রয়েছে। ফলে রামু ও নাইক্ষ্যংছড়ি এ দুটি উপজেলার যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার ২০টিরও বেশি গ্রামের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।