জিএসপি সুবিধা বাতিলের জন্য দায়ী খালেদা জিয়া :হানিফ
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২২:০০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পোশাকশিল্পে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল হওয়ার জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াই দায়ী। ওয়াশিংটন টাইমসে তার লেখা প্রবন্ধের কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেছে। দেশের গার্মেন্টস শিল্পে এ আঘাতের কারণে খালেদা জিয়া জাতির শত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।
শনিবার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে আইডিবি’র জেলা নেতৃবৃন্দের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, ক্ষমতার লোভে আন্তর্জাতিক বাজারে লবিষ্ট নিয়োগ করে জিএসপি সুবিধা বাতিলে সহায়তা করেছেন খালেদা জিয়া। ওয়াশিংটন পোস্টে লেখা তার প্রবন্ধে তিনটি আহবান ছিল, তন্মধ্যে একটি ছিল জিএসপি সুবিধা বাতিল। সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চায় বিএনপির এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, গ্রামীণ ব্যাংক ধ্বংস করার ইচ্ছা সরকারের নেই। যেটা হয়েছে সেটা ড. ইউনুস ও অর্থ মন্ত্রণালয়ের ভুল বোঝাবুঝি। বয়সের কারণে তাকে সরানো হয়েছে।
সংগঠনের সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।