আদমদীঘিতে প্রাচীন পাথরের সন্ধান লাভ

আদমদীঘির ছাতিয়ানগ্রামে মরহুম গাজী পাতলা পীরের মাজার সংস্কার কাজে মাটি খোঁড়ার সময় ভূ-গর্ভে অন্তত ১০টি প্রাচীন আমলের পাথরের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। পাথরগুলো বিভিন্ন আকৃতির এবং কিছু পাথরে মুঘল আমলের নিপুণ হাতের কারুকার্য করা রয়েছে। জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম একটি ইতিহাস প্রসিদ্ধ জনপদ। নাটোরের মহারানী ভবানীর জন্মস্থান এবং চৌধুরী জমিদারির কেন্দ স্থল হিসেবে স্থানটির খ্যাতি ছিল। প্রাক মুঘল আমলে এখানে চৌধুরী জমিদারি প্রতিষ্ঠিত হয়। জমিদারগণ এখানে অসংখ্য মন্দির প্রতিষ্ঠা করেন। এগুলোকে শত শত বছর আগে তাদের তৈরি প্রত্নতাত্ত্বিক মন্দিরের পাথর খণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মাজারের খাদেম আব্দুর রহমান জানান, ৫/৬ দিন আগে মাজার সংস্কার কাজের জন্য মাটি খুঁড়লে শ্রমিকরা ভূ-গর্ভ থেকে দুলর্ভ কিছু প্রাচীন পাথরের সন্ধান পান। এসময় মাটি খুঁড়ে ১০টি প্রাচীন আমলের পাথর পাওয়া যায়। উদ্ধার করা পাথরগুলো বর্তমানে খাদেমের হেফাজতে রয়েছে। তবে পাথরের বিষয়টি সরকারি ও বেসরকারি কাউকে জানানো কিংবা কোন পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়নি বলে ওই খাদেম জানান।