‘জাহানারা ইমাম আবির্ভূত হন মুক্তিযুদ্ধে ঐক্যের প্রতীক হয়ে’
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২২:০০
শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যের মহান প্রতীক হয়ে আবির্ভূত হয়েছিলেন। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ‘একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি’ গঠনের মাধ্যমে তিনি যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন। সেইসঙ্গে জামায়াত-শিবিরচক্রের মৌলবাদী ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের লক্ষ্যে অভূতপূর্ব আন্দোলনের সূচনা করেন।
শনিবার শহীদ জননীর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। এসময় তার বিদেহী আত্মার উদ্দেশে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্মরণসভায় বক্তব্য রাখেন জাহানারা ইমামের মেজো বোন তাহমীদা সাঈদা, শহীদ রুমীর বন্ধু অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব, অধ্যাপক ডা. নায়লা জামান খান, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা চৌধুরী, ড. মেজর আখতার আহমেদ (অব.) বীর প্রতীক প্রমুখ।