রহিমানগর-নবাবপুর
রাস্তার বেহাল দশা
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২২:০২
কচুয়া-ঢাকা বাস সড়কের মধ্যে ২য় বৃহত্তম সড়ক হিসেবে পরিচিত রহিমানগর ঢাকা ভায়া নবাবপুর সড়ক। এ সড়কের রহিমানগর বাজার সংলগ্ন নাউলা খলিল কন্ট্রাকটরের এবং হাবিব মিয়ার বাড়ির পাশের মোড় দু’টিতে বড় রকমের গর্ত সৃষ্টি হয়েছে।
একটুখানি বৃষ্টি হলে পানিতে পূর্ণ হয়ে গর্ত দু’টি প্রায় পুকুরের রূপ ধারণ করে। মোড়ে সৃষ্টি হওয়া এ গর্ত ধরে বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে নানা রকমের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে। এ গর্ত পারাপারে বিগত দিনে কয়েকবারই দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
প্রায় বছর পূর্বে কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের অলিউল্লা প্রধানীয়া নামে এক ব্যক্তি এ মোড়ে টেম্পু উল্টে ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন ১৫/১৬ জন যাত্রী। মোড় দু’টিতে যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এ সমস্যা দেখার যেন কেউ নেই।