সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২২:০৪
ত্রিশালে গুণী শিল্পীদের ক্রেস্ট প্রদান
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে শুকতারা সঙ্গের উদ্যোগে জাতীয় কবির ১১৪তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেয়া গুণী শিল্পীদের ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার রাতে দরিরামপুর শুকতারা সংঘ মিলনায়তনে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান। আব্দুল্লাহ আল শিহাবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিটি ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ চন্দ্র দাম, শুকতারা সংঘের সাবেক সভাপতি বেলাল আহমেদ, বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
সারজায় নিহতের লাশের অপেক্ষায় স্বজনরা
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের রেকত আলী (৩২) সারজা, সংযুক্ত আরব আমীরাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে কর্মস্থল থেকে বাসায় যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়েন রেকত আলী। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মোবাইল ফোন থেকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে তার বাড়িতে এ সংবাদ পৌঁছলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। নেমে আসে শোকের ছায়া। লাশ দেশে পাঠাতে নিহত ব্যক্তি ও তার পরিবারের চেয়ারম্যান সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের কপি ও নিকাহনামার কপি প্রয়োজন। নিহত রেকত আলী এক বত্সর পূর্বে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমীরাত গিয়েছিলেন।
ভূঞাপুরে ছড়া উত্সব
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ‘ছড়িয়ে দাও ছড়া, শুদ্ধ করতে ধরা’- শ্লোগান নিয়ে এবং ছড়াকে জনপ্রিয় করতে শুক্রবার প্রথমবারের মত ভূঞাপুর ইবরাহীম খাঁ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইল ছড়া উত্সব। টাঙ্গাইল জেলা ছড়া উত্সব পালন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক শফি উদ্দিন তালুকদার। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ইবরাহীম খাঁ কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলম। বাংলা সাহিত্যে ছড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক শংকর দাশ, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান।
হোসেনপুরে প্রতিবন্ধী স্কুলের কর্মশালা
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা সদরে সেতুবন্ধন কল্যাণ সংস্থার সেবক কর্তৃক পরিচালিত মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারীদের নিয়ে শুক্রবার বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধন কল্যাণ সংস্থার চেয়ারম্যান মো:আবু বকর ছিদ্দিক বাক্কার, মহাসচিব মো:ফজলুল হক, উপদেষ্টা ফরমুজা মোমতাজ লিলি, বাংলাদেশ টেলিভিশনের খবর পাঠক প্রশিক্ষক বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মনোয়ার হোসেন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ কেন্দ্রীয় সভাপতির উপর জুলুম-নির্যাতন ও রবিবার দেশব্যাপী হরতালের সমর্থনে কেন্দ্রীর কর্মসূচির অংশ হিসাবে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করে। জেলা সেক্রেটারী আমীর হোসাইন ও দপ্তর সম্পাদক মকবুল হোসাইনের নেতৃত্বে শিবিরের নেতা-কর্মীরা শহরের আশিক প্লাজা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিবাড়ি মোড়ে গিয়ে সমাবেশে বক্তব্য রাখে আশরাফুল হক ও আনোয়ার প্রমুখ।
সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়নের বাজেট
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভা শনিবার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপজেলা নির্বাহী অফিসার সালাহউদ্দিন, ভাইস চেয়ারম্যান জামাত আলী মু্ন্সী, ইউপি সদস্য আলী আমজাদ।
ধামইরহাটে একটি কাঁচা সুপারির দাম ১০ টাকা!
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ টাকায় মিলছে ১টি কাঁচা সুপারি! সমপ্রতি উপজেলার হাট-বাজারে (১০টি সুপারি) ৮০ থেকে ১শ’ টাকায় বিক্রি হচ্ছে। অথচ বাজারে প্রচুর পরিমাণে সুপারির আমদানি রয়েছে। অজ্ঞাত কারণে ব্যবসায়ীরা সুপারির দাম বৃদ্ধি করেছে। ফলে পান দোকানিরা কম সুপারি দিয়ে প্রতিটি খিলি পান ৪-৫ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে প্রতি বিড়া (৮০টি পান) ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তিস্তা সড়ক সেতুর বাতি জ্বলে না
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ রংপুর ও লালমনির হাট জেলার কাউনিয়ায় তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘তিস্তা সড়ক সেতুটি অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগছে। দীর্ঘ দুইমাস ধরে সেতুর উপরে সোডিয়াম লাইটগুলো জ্বলছে না। তাই সেতুর ওপর প্রতিনিয়ত ঘটছে ছিনতাই। সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও জনপদ বিভাগ ‘সেতু-৩ প্রকল্পের’ আওতায় প্রায় ১২২ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ১ মিটার প্রস্থের তিস্তা সড়ক সেতু নির্মাণ কাজ শেষ হয় ২০১২ সালের সেপ্টেম্বরে। আর ওই সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত তিস্তা সড়ক সেতুর দু’প্রান্তে উদ্বোধনী ফলক উম্মোচন করে সেতুটি যান চলাচলের জন্য উদ্বোধন করেন। তিস্তা সড়ক সেতু ইজারাদার আব্দুল হাকিম জানায়, গত ২৫ এপ্রিল সেতুটি টোল আদায়ের জন্য হস্তান্তর নেয়ার ৫/৭ দিন আগে বিদ্যুতের ট্রান্সফরমা চুরি গেছে। তিনি বলেন, সেতু কর্তৃপক্ষের উদাসিনতার কারণে ট্রান্সফরমা স্থাপন না করায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় সেতুর উপরে সোডিয়াম বাতি আছে, কিন্তু জ্বলে না।
হোমনায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার নয় শতাধিক গরীব ও দুস্থ পুরুষ-মহিলার মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার উপজেলার ঘাগুটিয়া, নালাদক্ষিণ, মাধবপুর, ভবানীপুর ও লটিয়া গ্রামে এসব বস্ত্র বিতরণ করা হয়।
গ্রীণভিউ স্কুলে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীণভিউ স্কুলের ২০১২ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম।
শ্যামনগরে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা শ্যামনগর থানা পুলিশ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত জামায়াত নেতারা হলেন: আব্দুস সোবহান, আলমগীর কবীর ও আব্দুল গণি। শনিবার সকালে তাদেরকে শ্যামনগরের চকবারা, খাগড়াঘাট ও মানিকপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আসলাম খান জানান, গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় হরতালে গাড়ি ভাংচুর, গাছ কাটা, পুলিশের কাজে বাধা প্রদানসহ ৫/৬টি মামলা রয়েছে।
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সাগর ও আশিক নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাগরের পিতা শহীদুল ইসলাম এবং আশিকের পিতা মৃত জামালউদ্দিন উভয়ের বাড়ি ঢাকা খিলগাঁও এলাকায়। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক খালেদ হাসান জানান, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী নামক স্থানে সিলেটগামী যাত্রীবাহী বাস ঢাকাগামী মোটর সাইকেলকে চাপা দিলে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
রামুতে পিতার লাঠির আঘাতে পুত্রের মৃত্যু
রামু(কক্সবাজার)সংবাদদাতা \ কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী মুরা পাড়া এলাকায় ক্ষুব্ধ পিতার লাঠির আঘাতে পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাষাবাদের কাজ করাকে কেন্দ্র করে তোফাইল আহাম্মদ ওরফে টুইল্যা তার ছেলে বাহাদউল্লাহ বাহাদুরকে (১৮) লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় বাহাদুরকে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে নিয়ে যাওয়া হলে শুক্রবার চিকিত্সাধীন অবস্থায় বাহাদুরের মৃত্যু হয়।
আশুগঞ্জে ট্রাক্টর-বাসের সংঘর্ষে ব্যবসায়ী নিহত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুরে শনিবার হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী আমির হোসেন (৩৫) ঘটনাস্থলে নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত আমির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে।
দুর্গাপুরে কারিতাসের সেমিনার
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আলোঘর প্রকল্পের আয়োজনে, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে শনিবার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক অডিটরিয়ামে এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজ-এর ব্যক্তিবর্গের উপস্থিতিতে “প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের ভাইবোন, তাদের প্রতি আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া আঞ্চলিক ব্যবস্থাপক দুলেন আরেং এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব ও আনন্দ স্কুলের প্রকল্প পরিচালক শওকত আকবর।
পাবনায় রোগী সেবার মান উন্নয়নে মানববন্ধন
পাবনা প্রতিনিধি \ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নের দাবিতে শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘পাবনাবাসী’র ব্যানারে হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগেজ্যাতি পাঠাগার মিলনায়তনে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি পরিমল কান্তি দের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিআইবির পরিচালক মো. রফিকুল ইসলাম।
মহানগর কমিউনিটি পুলিশিংয়ের অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি \ ফরমালিনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে শুক্রবার শহরের দ্বিগুবাবুর বাজারের মাছ বাজারে অভিযান চালিয়েছে মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা। তবে এসময় মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর সার্কেল এএসপি আজিমুল আহসান, সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের পিপিএম, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এম সোলায়মান, সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা সম্পাদিকা অধ্যক্ষ শিরীন বেগম।
পিরোজপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুর অফিস \ আওয়ামী লীগের পিরোজপুর পৌর সম্মেলন বৃহস্পতিবার স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আকরাম হোসেন সম্মেলনের উদ্বোধন করেন। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএমএ আউয়াল এমপি, বিশেষ অতিথি সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, এডভোকেট কানাইলাল বিশ্বাস, হুমায়ুন কবির সিকদার, রিয়াজুল ইসলাম তালুকদার, মজনু তালুকদার প্রমুখ।
বাবুগঞ্জে ছেলেকে রক্ষা করতে গিয়ে বাবা খুন
বরিশাল অফিস \ বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভূতুরদিয়া গ্রামে ইউনুছ আলী হাওলাদার (৫৩) নামের এক ব্যক্তি ছেলেকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিহত হয়েছেন। ইউনুছের ছেলে রুবেলের সাথে পাওনা টাকা নিয়ে একই গ্রামের সোহাগের বিরোধ দেখা দেয়। গতকাল শনিবার বিকালে সোহাগ পুরনো বিরোধের জের ধরে দল বল নিয়ে রুবেলের বাড়িতে গিয়ে রুবেলকে মারধর করে। রুবেলের পিতা ইউনুছ হাওলাদার ছেলেকে রক্ষা করতে এলে সোহাগ ও তার সহযোগীরা তাকে সেখানে পিটিয়ে হত্যা করে। বাবুগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। মামলা হয়নি। কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নাসিরনগরে আশার কর্মশালা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে ১ম ও ২য় শ্রেণি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠ আয়ত্ত করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকাদের কর্মশালা শনিবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আশার নাসিরনগর ব্রাঞ্চ ম্যানেজার মো. সাফিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. সাজেদুল ইসলাম চৌধুরী।
ধামরাই পৌর যুবলীগের কমিটি গঠন
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ শনিবার ধামরাই পৌর যুবলীগের কমিটি গঠিত হয়েছে। আহবায়ক আমিনুর রহমানের সভাপতিত্বে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটির সভাপতি মো. আমিনুর রহমান এবং সাধারণ সম্পাদক সানাউল হক মঞ্জু ।
বাঞ্ছারামপুরে বৃত্তি ও সনদপত্র বিতরণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বাঞ্ছারামপুর কিন্ডার গার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ২০১২ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে অর্থ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । এসোসিয়েশনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দুধ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলী আমির প্রমুখ।
গৌরীপুর মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন, গৌরীপুর শাখার দ্বিবার্ষিক নির্বাচন শুক্রবার স্থানীয় শহীদ হারুন পার্কে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী প্রধান নির্বাচন কমিশনার এবং ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক মো. সাজ্জাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ ঘোষ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, অফিস সহকারী গোলাম সামদানি নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচিতরা হলেন সভাপতি মো. আহসান উল্লাহ, কার্যকরী সভাপতি নিতাইচন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
লোহাগড়ায় স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর শাখার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। ২৬ জুন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ৪ জন যুগ্ম আহবায়ক এ কমিটি অনুমোদন করেন। লোহাগড়া উপজেলা শাখায় ৭১ সদস্য কমিটিতে সভাপতি মো. জিয়াউর রহমান রুনু ও সাধারণ সম্পাদক মো. তানভির মোল্যা।
কাপাসিয়ায় প্রবাসীর টাকা ছিনতাই
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়ায় শুক্রবার রাতে সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসী মানিক ফকিরের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই করেছে। এ ঘটনায় মানিক বাদী হয়ে গতকাল শনিবার কাপাসিয়া থানায় অভিযোগ দিয়েছে।
স্বর্ণপদক পেয়েছেন শিলাইদহ ইউপি চেয়ারম্যান
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেককে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৩ প্রদান করা হয়েছে। শুক্রবার ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ওই স্বর্ণপদক প্রদান করা হয়।
কাঠালিয়ায় নকলের সহায়তা করায় কারাদণ্ড
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়ায় নকলে সহায়তা করার অপরাধে মাসুম বিল্লাহ (১৮) নামের এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কাঠালিয়া তফাজ্জেল হোসেন (মানিক মিয়া) ডিগ্রী কলেজ টিউটোরিয়াল পরীক্ষা কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির পরীক্ষায় প্রথম দিনে শুক্রবার পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে নকল দিয়ে সহায়তা করার অপরাধে মাসুম বিল্লাহ নামের যুবককে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।