দশ বছর পর বিমানে
কেবিন ক্রু নিয়োগ
প্রক্রিয়া শুরু
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২২:১১
অবশেষে দীর্ঘ এক দশক পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন কেবিন ক্রু নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। দুই দফায় মোট তিনশ কেবিন ক্রু নিয়োগ দেয়া হবে। এরমধ্যে ২৫০ জনকে ৫ বছর এবং বাকি ৫০ জন কেবিন ক্রুকে আসন্ন হজ্ব উপলক্ষে নিয়োগ করা হবে ৯০ দিনের জন্য। বিমানের পরিচালনা পর্ষদ সম্প্রতি এই নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ ১৯টি আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট চালু রয়েছে। এসব রুটে বিমানের আটটি উড়োজাহাজ চলাচল করে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আরো ছয়টি উড়োজাহাজ আসছে। বিমানের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্ধ হয়ে যাওয়া আভ্যন্তরীণ রুটসহ কয়েকটি আন্তর্জাতিক রুট আবার চালুর উদ্যোগ নিয়েছেন। বিমানের যাত্রী সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব কেবিন ক্রুদের ওপর ন্যস্ত। নিয়মানুযায়ী ছয় মাস অন্তর কেবিন ক্রু নিয়োগ হওয়ার কথা; কিন্তু দীর্ঘ ১০ বছর যাবত্ এই পদে নিয়োগ বন্ধ ছিল। বর্তমানে বিমানের ৩৭৮ জন কেবিন ক্রু রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আগামী এক বছরের মধ্যে অবসরে যাবেন। এছাড়া শারীরিকভাবে অনেকে এখন আর স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে সক্ষম নন। এজন্য নতুন করে কেবিন ক্রু নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এদিকে এক শ্রেণীর কেবিন ক্রুর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গ, যাত্রীদের সাথে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে অভিযুক্ত এসব কেবিন ক্রর অনেকেই চাকরি হারাতে পারেন বলে সূত্রটি জানিয়েছে।