বিএসজেএ’র মিডিয়া কাপ ফুটবল শুরু

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে গতকাল শনিবার অনুষ্ঠিত আটটি খেলায় বাংলাভিশন, চ্যানেল ২৪, ডেইলি স্টার, এটিএন নিউজ, চ্যানেল আই ও আরটিভি জয়লাভ করে। বাংলাভিশন ২-০ গোলে নয়া দিগন্তকে হারায়, ম্যান অফ দি ম্যাচ হন বিজয়ী দলের মাহফুজুর রহমান। মাছরাঙা টিভি ও এসএ টিভির খেলাটি ১-১ গোলে ড্র হয়। এসএ টিভির সাইফুদ্দিন রবিন ম্যান অফ দি ম্যাচ হন। চ্যানেল ২৪ ২-১ গোলে হারায় গাজী টিভিকে। ম্যান অফ দি ম্যাচ হন চ্যানেল ২৪ এর ওয়ালিদ বিরল। ডেইলি স্টার ৪-০ গোলে মানবজমিনকে পরাজিত করে। বিজয়ী দলের রাফি ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। ঢাকা ট্রিবিউন ও রেডিও টুডের খেলা ১-১ গোলে ড্র হয়। রেডিও টুডের শাফি হন ম্যাচ সেরা। এটিএন নিউজ মাহবুব আলম খানের গোলে বাসসের বিরুদ্ধে ১-০ গোলে জয়ী হয়। ম্যান অফ দি ম্যাচ হন মাহবুব। চ্যানেল আই ৮-০ গোলে পরাজিত করে নিউ নেশনকে। চ্যানেল আইয়ের রাহুল পাঁচ গোল করে ম্যান অফ দি ম্যাচ হন। দিনের শেষ খেলায় আরটিভি ১-০ গোলে হারায় বৈশাখী টিভিকে। বিজয়ী দলের আনোয়ার ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে প্রচার মাধ্যমের ২৪টি দলের মধ্যকার এ প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদি। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কয়ার টয়লিট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ, আয়োজক বিএসজেএ’র সভাপতি সাইদুজ্জামান ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইদুর রহমান শামীম। ম্যান অফ দ্য ম্যাচ জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফুটবল কোচ সাইফুল বারী টিটু, মারুফুল হক, সৈয়দ গোলাম জিলানি ও জাতীয় ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য এবং আরমান আজিজ। খবর বিজ্ঞপ্তির