উইন্ডিজে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু

জয়ের ধারা অক্ষুণ্ন রাখতে চান ধোনি

চ্যাম্পিয়ন্স ট্রফির দুর্দান্ত নৈপুণ্যকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অব্যাহত রাখতে চান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানান ধোনি। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য গেইলের ঝড়ো সেঞ্চুরি ও সুনীল নারিনের দুর্দান্ত বোলিংয়ে সিরিজের প্রথম ম্যাচে গত শুক্রবার ছয় উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। ধোনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রায় অপরিবর্তীত দল নিয়ে ক্যারিবীয় অঞ্চলে আসার পর দলের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খুব বেশি দূরে না তাকানো। আমরা প্রতিটি সিরিজ ধরে ধরে এগোতে চাই। মাত্রই ইংল্যান্ডে একটা আইসিসি ট্রফি খেলে এখন আমরা ওয়েস্ট ইন্ডিজে। আমাদের দারুণ দুটি দলের মুখোমুখি হতে হবে। ইংল্যান্ডে আমাদের পারফরম্যান্স দারুণ ছিল তবে এই ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ।’ তিন জাতির এই সিরিজে প্রতিটি দল দুই বার করে পরস্পরের মুখোমুখি হবে। কাজেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এ প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রেকর্ড গড়া ধোনি আস্থা রাখছেন তার সতীর্থদের উপর। নিজেদের মধ্যে দারুণ সম্পর্ককেই ভারতের এমন সাফল্যের মূলমন্ত্র আখ্যায়িত করে ধোনি আরো বলেন, ‘চারপাশে এমন সব খেলোয়াড় পেয়ে আমি ভাগ্যবান যারা কিনা সহজেই চাপকে জয় করতে পারে। আমরা নিজেদের সাফল্য উপভোগ করছি এবং এটাই আমাদের বেশিরভাগ ম্যাচ জিততে সাহায্য করেছে।’ এদিকে লঙ্কানদের বিরুদ্ধে দাপুটে জয়ের পর স্যাবাইনা পার্কে আজ বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে নি:সন্দেহে উজ্জীবিত থাকবে ক্যারিবীয়রাও। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য গেইল এবং নারিন আছেন দুরন্ত ফর্মে। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কণ্ঠেও ছিল গেইল স্তুতি, ‘শুরুর দিকে আমাদের উইকেটের দরকার ছিল কিন্তু সেটি হয়নি। ক্রিস (গেইল) যখন মানসিকভাবে দৃঢ় হয়ে যায় তখন বিশ্বের কোন বোলিং আক্রমণ তাকে থামাতে পারে না এবং কোন লক্ষ্যই তখন বড় কিছু ছিল না।’ অফ স্পিনার সুনীল নারিন (৪/৪০) এবং পেসার রবি রামপালের (৩/৩৮) দারুণ বোলিংয়ে সফরকারী শ্রীলংকা এদিন ৪৮.৩ ওভারে ২০৮ রানে গুটিয়ে যায়। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৫৫*)। ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে তেমন বেগ পেতে হয়নি। চার উইকেট হারিয়ে ৩৭.৫ ওভারে তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ক্যারিয়ারের ২১ তম সেঞ্চুরির পুরস্কার স্বরূপ ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন গেইলই। মাত্র ১০০ বলে করা তার ১০৯ রানের ইনিংসটি সাজানো ছিল নয়টি চার ও সাতটি ছয়ে। শুধু জয় নয়; প্রায় ১২ ওভার হাতে রেখে ম্যাচ জেতায় ক্যারিবীয়রা মাঠ ছেড়েছে বোনাস পয়েন্ট নিয়ে।