রেলে টেন্ডার সন্ত্রাসের দায়ে যুবলীগ নেতা বাবর বহিষ্কার
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২৩:১৮
চট্টগ্রামে রেলে টেন্ডার সন্ত্রাসের দায়ে গ্রেফতার হওয়া যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার সংগঠনটি এ সিদ্ধান্তের কথা জানায়। মহানগর আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক সাইফুল আলমকেও সংগঠন থেকে বহিস্কার করা হয়। গত সোমবার চট্টগ্রামের সিআরবিতে রেলের টেন্ডার সন্ত্রাসের ঘটনায় বাবর ও লিমনসহ ছাত্রলীগ ও যুবলীগের ৫৮ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৫০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়।
এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বাবর ও তার চার অনুসারীকে রিমান্ডে নেয়া হয়। কোতোয়ালি পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাবর ঘটনার সময় সিআরবিতে উপস্থিত থাকার কথা অস্বীকার করেছেন। এছাড়া সংঘর্ষের সূত্রপাত ঘটানোর জন্য প্রতিপক্ষ লিমন গ্রুপকে দায়ি করছেন তিনি। বাবরের সঙ্গে আরও যাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন যুবলীগ কর্মী খোকন চন্দ্র তাঁতী, রিটু দাশ বাবলু, শাহআলম এবং প্রেমাশিষ মুত্সুদ্দি ওরফে ছোটন বড়ুয়া।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাবর ঘটনাস্থলে নিজের উপস্থিত থাকার কথা অস্বীকার করলেও তার অনুসারী চার যুবলীগ ক্যাডার সিআরবিতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের কাজের টেন্ডার নিয়ে সিআরবি এলাকায় বাবরের অনুসারী যুবলীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সাইফুল আলম লিমনের অনুসারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। এতে আট বছরের এক শিশুসহ দু’জন নিহত হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মহিবুর রহমান বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলায় লিমনকে প্রধান আসামী করা হয়েছে। আর বাবরকে ৫৩ নম্বর আসামী করা হয়েছে।