পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট ‘বন্ধ’
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ২৯ জুন ২০১৩, ২৩:১৯
ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়ার তিনটি ঘাটের পন্টুনের মাথা তলিয়ে গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সারাদিন পর্যায়ক্রমে ঘাট বন্ধ রাখা হয়। ফলে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ’ যানবাহন। আজ রবিবার পর্যন্ত পর্যায়ক্রমে ঘাট বন্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ অফিস জানায়, গত ২৪ ঘন্টায় গতকাল সকাল ৬টা পর্যন্ত গোয়ালন্দ পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পানির উচ্চতা বৃদ্ধির কারণে গতকাল ৩টি ঘাটের পন্টুনের মাথা তলিয়ে যায়। পরে বিআইডব্লিউটিএ পর্যায়ক্রমে ঘাটগুলো তুলে ফেলে। অন্যদিকে তিনটি ঘাট গতকাল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে প্রায় তিন কিলোমিটার লম্বা কয়েকশ’ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। বিআইডব্লি¬উটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ম্যানেজার আবু আব্দুল্ল¬াহ বলেন, কয়েক দিনের বৃষ্টি ও বর্ষার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় তিনটি ঘাটের পন্টুনের মাথা তলিয়ে যায়।