সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবিতে কাল পদযাত্রা

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবিতে কাল সোমবার পদযাত্রা ও বিমান অফিস ঘেরাও কর্মসূচি পালন করবে সিলেটের সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা। গতকাল সংগঠনের এক বিশেষ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য মো. হাসান তালুকদার সোহেল ও সাধারণ সদস্য এ. কে. কামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার কলামিস্ট গোলাম সাদত জুয়েল। সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে সোমবার সকাল ১০টা হতে বেলা ১১টা পর্যন্ত সিলেট কেন্দ ীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে মজুমদারিস্থ বিমান অফিস অভিমুখে পদযাত্রা এবং পদযাত্রা শেষে বিমান অফিস ঘেরাও। সংশ্লিষ্টরা জানান, সিলেটে রিফুয়েলিং স্টেশন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের ওপর নির্ভর করছে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি। ২০১১ সালে এই রিফুয়েলিং স্টেশন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভূমি সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি দীর্ঘসূত্রতায় পড়ে।