চিকিত্সা শেষে অগ্নিদগ্ধ পুলিশ কনস্টেবল দেশে ফিরেছেন

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিত্সা শেষে শনিবার দেশে ফিরেছেন পুলিশ কনস্টেবল মোঃ পিয়ারুল ইসলাম। মারাত্মক অগ্নিদগ্ধ পিয়ারুলকে উন্নত চিকিত্সার জন্য এয়ার এ্যাম্বুলেন্সযোগে ১৪ মে সিঙ্গাপুর পাঠানো হয়েছিল। গত ৫ মে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ঢাকা অবরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক (পূর্ব) কার্যালয়ে অগ্নিসংযোগ করে। ঐ সময় পিয়ারুল অফিসের দোতলায় কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডে তার শরীরের প্রায় ৪৫ ভাগ পুড়ে যায়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে তাকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। তার বাড়ি নওগাঁ জেলায়।