তরুণী কথা
শময়িতা চৌধুরী
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ১৯:৫০
শময়িতা মনে করেন আমাদের দেশে সবচেয়ে অবহেলিত পথশিশুরা। সঠিক তত্ত্বাবধানের অভাবে অনেক শিশুই বিপথগামী হচ্ছে। যেটা গোটা দেশের ভবিষ্যতের জন্যে হুমকি। এছাড়া অনেক সচ্ছল পরিবারের বাবা-মা শিশুদেরকে সময় দিতে পারেন না বলে সঠিকভাবে তাদের মানসিক বিকাশ ঘটতে পারছে না। এর ফলে শিশুর মনোবিকাশ ব্যাহত হয়। এজন্যে মায়েদের আরো সচেতন হওয়া উচিত। তার মতে শিশুশ্রমসহ শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার খুবই অমানবিক। সংগীতপ্রিয় শময়িতা নিজেও সংগীত চর্চা করেন। তবে দেশীয় সংগীতের বর্তমান দুরবস্থার জন্যে তিনি উঠতি সংগীত শিল্পীদের গানের প্রতি ভালোবাসার চেয়ে অর্থলোভ আর জনপ্রিয়তাকেই প্রাধান্য দেয়াকে দায়ী করেন। আমাদের দেশের নারীদের কথা বলতে গিয়ে শময়িতা বলেন, বাংলাদেশের নারীরা অনেক সংগ্রামী। আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি। তবু, নারীরা পুরুষতান্ত্রিক সমাজ বলে অনেক ক্ষেত্রেই অবহেলিত। নারীর ক্ষমতায়নের নাম করে কতিপয় মানুষ নারীকে পুঁজি করে ব্যবসা করে। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া উচিত।