জিএসপি স্থগিতের প্রভাব!

শেয়ারবাজারের সূচক কমেছে

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) স্থগিত করার সিদ্ধান্তে পুঁজিবাজারে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। গত কয়েকদিন ধরে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে শেয়ারবাজার। এর মধ্যে জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা নেতিবাচক প্রভাব পড়লেও তা দীর্ঘমেয়াদি প্রভাব নয় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে গতকাল সপ্তাহের শুরুর দিনে উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। তবে গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে জ্বালানি খাত এগিয়ে ছিল। এ খাতে লেনদেন হয়েছে ১৪৪ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ। দাম বাড়ার ক্ষেত্রে প্রাধান্য ছিল পর্যটন খাত ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ২২ লাখ ৪ হাজার টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ৭৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। অর্থবছরের শুরুর দিন ব্যাংক হলিডের কারণে আজ সোমবার দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। জানা গেছে, ব্যাংক হলিডের কারণে দেশের সব ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দেশের উভয় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। তবে সোমবার যথারীতি লেনদেন শুরু হবে।