অনন্ত-বর্ষার ‘নিঃস্বার্থ ভালোবাসা’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২০:১৪
প্রিমিয়ার অনুষ্ঠিত হলো অনন্ত জলিল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’-এর। গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। নিজের পরিচালনায় প্রথম চলচ্চিত্র বলে ব্যাপক আয়োজন ও প্রস্তুতি নিয়েই এর কাজ সম্পন্ন করেছেন অনন্ত। এই ছবিতে অনন্ত পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন, তার বিপরীতে অভিনয় করেছেন তার সহধর্মিণী বর্ষা। এতে আরও অভিনয় করেছেন—নায়করাজ রাজ্জাক, মিশা সওদাগর, কাবিলা, ডন, মাহমুদ সাজ্জাদ, সুচরিতা প্রমুখ।
নিজের পরিচালনায় প্রথম ছবি মুক্তি প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি চলচ্চিত্র যেন চলচ্চিত্রের মতো করেই মুক্তি পায়। হুটহাট ছবি করলাম কখন মুক্তি পেল, কখন শেষ হয়ে গেল কেউ টের পাবে না, এতে আমি মোটেও বিশ্বাসী নই। প্রোডাকশনের ব্যাপারেও আমি যথেষ্ট যত্নশীল, তা আমার ‘মোস্ট ওয়েলকাম’-এ প্রমাণিত হয়েছে। এবারের ছবির আয়োজন ও প্রস্তুতি ‘মোস্ট ওয়েলকাম’-এর চেয়েও বেশি। প্রযুক্তিকে চলচ্চিত্রে ব্যবহারের প্রয়োজনীয়তাটাও অনেকে টের পাবেন এই চলচ্চিত্র দেখার পর। সবার দোয়া নিয়ে এই চলচ্চিত্রে সফলতা কামনা করছি।’