আইএমএফের অনলাইন ইউনিভার্সিটি কোর্স
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২০:২৯
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইন্টারনেটে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে আর্থিক বিষয়ে কোর্স চালু করতে যাচ্ছে। বিশ্বজুড়ে ছাত্ররা বিনামূল্যে এই কোর্স করতে পারবে। হার্ভার্ড ও ম্যাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) এডএক্স অনলাইন ইউনিভার্সিটির কার্যক্রমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আইএমএফ অনলাইন কোর্স চালু করবে। আর্থিক নীতির ওপর দু’টি কোর্স চালু করা হবে। প্রথমে সরকারি কর্মকর্তাদের জন্য এবং আগামী বছর সবার জন্য এই কোর্স উন্মুক্ত থাকবে। এটি হাজার হাজার ছাত্রদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। এই কোর্স চালুর প্রয়োজনীয়তা সম্পর্কে আইএমএফের পরিচালক শারমিনি কোরেই বলেন, অর্থনৈতিক সংকটের কারণে মানুষ জানতে চায় কীভাবে সরকারের আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয়। মানুষ জানতে চায় বেকারত্বের মতো সমস্যার পেছনের কথা। মানুষ তার প্রশ্ন সম্পর্কে ভালভাবে বুঝতে পারলে বিতর্কের মাত্রা বাড়ে। তথ্যবহুল বিতর্কই সংকট সমাধানে সহায়তা করতে পারে। আইএমএফ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। শারমিনি কোরেই বলেন, সবার মধ্যে এ ধরনের তথ্য পৌঁছে দেয়ার একটি উপায় এই অনলাইন ইউনিভার্সিটি। এখানে সামষ্টিক অর্থনীতির সর্বশেষ তথ্য থাকবে। ছাত্ররা একটি ফোরামের মাধ্যমে সদস্যা সম্পর্কে আলোচনা করতে পারবে এবং পরামর্শ পাবে। কোর্স শেষে ছাত্রদেরকে একটি সার্টিফিকেট দেয়া হবে, প্রচলিত বিশ্ববিদ্যালয়ের মতো কোন ডিগ্রি দেয়া হবে না। এডএক্সকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিমত শফিক বলেন, তাদের অনলাইন কোর্স আরো বেশি সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছবে। সাধারণ মানুষও তাদের নিজ নিজ দেশের আর্থিক সমস্যা সম্পর্কে বুঝতে পারবে। আইএমএফের এই অলাভজনক কোর্স চালু করতে বিশ্বের শীর্ষস্থানীয় ২০টির বেশি বিশ্ববিদ্যালয় প্রস্তাব দিয়েছে। এডএক্সের প্রেসিডেন্ট ও এমআইটির সাবেক প্রফেসর অনন্ত আগরওয়াল বলেন, শিক্ষা লাভের পথে বাধা দূর করার একটি উদাহরণ তাদের এই অনলাইন কোর্স। তারা একবছরে ১৯২টি দেশের ১০ লাখের বেশি ছাত্র পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠান এমনকি এনজিও এই প্রক্রিয়া অনুসরণ করতে পারে।