রাজাপুরে ৫ গ্রামের এক হাজার পরিবার পানিবন্দী
মনিরুজ্জামান, রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২১:২০
বিষখালির পানি বৃদ্ধিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার দুই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জোয়ারের পানিতে ভাসছে আর ভাটার পানিতে শুকানো ছাড়াও একটু পানি বৃদ্ধিতেই পানিবন্দী হয়ে পড়ছে বিষখালি তীরের ৫ গ্রামের প্রায় ১ হাজার পরিবার। বড়ইয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, বিষখালির তীরবর্তী পালট, বড়ইয়া, চল্লিশকাহনিয়া, নিজামিয়া ও চর পালট গ্রামের অন্তত এক হাজার পরিবার নিয়মিত পানিবন্দী হয়ে পড়ছেন। বিষখালির তীরে একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণ অনেক আগ থেকেই স্থানীয় ভুক্তভোগীদের দাবি। পালট গ্রামের বাসিন্দা আলমগীর শরীফ বলেন, নিয়মিত জোয়ারের পানিতে আমরা ভাসছি। আর বিষখালির পানি একটু বৃদ্ধি পেলেই ঘরের মালপত্র ভেসে যাওয়ার উপক্রম হয়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আক্তার বলেন, ‘স্থানীয় মানুষদের দাবি অনুযায়ি বিষখালি নদীর তীরবর্তী একটি বেড়িবাঁধের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার কাগজপত্র পাঠানো হয়েছে।’