৪৭ বছরেও দলিল পাননি ওমর আলী

দীর্ঘ ৪৭ বছরেও বরাদ্দকৃত জমির দলিল পাননি বগুড়া শেরপুরের গাড়ীদহ ইউনিয়নের হাটগাড়ী গ্রামে বৃদ্ধ ভিক্ষুক ওমর আলী। ওমর আলী জানান, ১৯৬৫ সালে ভারতের আসাম থেকে এসে এদেশে বসবাস শুরু করেন। সে সময় মোহাজের পুনর্বাসনের জন্য সরকার তার নামে ২.১৯ একর জমি বরাদ্দ দেন। তিনি সেই জমিতেই বসবাস ও চাষাবাদ শুরু করেন। এছাড়াও বাড়ির জন্য ৪শ, গরুর জন্য ২শ, বীজ কেনার জন্য ৩০ টাকাসহ ৬৩০ টাকা সরকারী লোন নিয়েছিলেন। ১৯৭৫ সালে রিফিউজি মোহাজেরের এলোটমেন্টের ৯০ শতাংশ জমি তার দখলে থাকে। তখন এলোটমেন্টের টাকা শোধ করেও দলিল করেননি। ২০০৯ সালে লোন পরিশোধ করে দলিলের জন্য ডিসি অফিসে আবেদন করেন। তার প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে হাটগাড়ি মৌজার ১৫৬ দাগের ৯০ শতক জমি ওমর আলীর নামে বরাদ্দ আছে এবং সে ভোগ-দখলে আছেন মর্মে প্রতিবেদন দাখিল করেন। এরপর ২০১০ সালে সরকারি কৌঁসুলি আইনগত মতমতে জানান, যেহেতু ওমর আলীর নামে ১৯৬৫ সালের বরাদ্দপত্র আছে এবং তাঁর নামেই মাঠ রেকর্ড হয়ে গেছে তাই তার নামে দলিল করিয়ে দেয়া যায় বলে মতামতে দেন। তারপরও তাঁর নামে অদ্যাবদি দলিল সম্পাদন হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল বলেন বিষয়টি তাঁর জানা নেই।