ইনানীতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২১:২১
উখিয়ার পর্যটন নগরী ইনানী উপ-স্বাস্থ্যকেন্দ্র কাম বিশ্রামাগার নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় জনপ্রতিনিধির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দায়সারা নির্মাণ কাজ বন্ধ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে।
জানা গেছে, উপজেলার ইনানী সৈকতের ২৮ কিলোমিটার এলাকা জুড়ে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় বিগত অর্থবছরে স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম. রুহুল হক ইনানী এলাকা পরিদর্শন করে স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান উপ-স্বাস্থ্যকেন্দ্রকে ১০ শয্যার হাসপাতালে উন্নীতকরণসহ একটি বিশ্রামাগার নির্মাণ করার ঘোষণা দেন। গত ২মার্চ ইনানী উপ-স্বাস্থ্যকেন্দ্র কাম বিশ্রামাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সাঈদ।
সাড়ে ৪ কোটি টাকা ব্যয় বরাদ্দে উক্ত নির্মাণ কাজ সরেজমিন প্রত্যক্ষ করে দেখা যায় ময়লা-আবর্জনাযুক্ত পাথর, অখ্যাত কোম্পানির তৈরি করা মরিচা ধরার রড ও সিমেন্টসহ নিম্নমানের কংক্রিট ব্যবহার করা হচ্ছে নির্মাণ কাজে। উপ-স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার ডা. কাজল কান্তি দে জানান, ঠিকাদার তার কোন পরামর্শ পাত্তা দিচ্ছে না। উপরন্তু বিভিন্ন প্রশাসন ও দলীয় নেতা-কর্মীর আত্মীয় পরিচয় দিয়ে কোন প্রকার ওজর-আপত্তি না করার জন্য হুমকি প্রদর্শন করেন।