বাগমারায় ভাইয়ের হাতে ভাই খুন

রাজশাহীর বাগমারায় মেজো ভাইয়ের হাতে ছোট ভাই নৃশংসভাবে খুন হয়েছেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট্ট ভাইকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। নিহত ছোট্ট ভাইয়ের নাম আব্দুল খালেক। জানা যায়, বাজেকোলা গ্রামের লছিরউদ্দিন তার জমি তিন ছেলে আবু সাইদ, মোজাফ্ফর হোসেন ওরফে মোজা ও আব্দুল খালেকের মধ্যে সমানভাবে রেজিস্ট্রি করে দেন। মোজাফফর হোসেন তার অংশের জমি বিক্রি করে ভবঘুরের মত চলাফেরা করতে থাকে। একপর্যায়ে অন্য দুই ভাই আবু সাইদ ও আব্দুল খালেকের জমি দখলের চেষ্টা করে। ওই জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে মেজো ভাই মোজাফফর হোসেন অপর দুই ভাই আবু সাইদ ও আব্দুল খালেকের জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে দুই ভাই ঘটনাস্থলে গিয়ে তাদের জমি দখলের বিষয়ে জানতে চান। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মোজাফ্ফর তার হাতে থাকা হাসুয়া দিয়ে ছোট ভাই আব্দুল খালেককে কোপাতে থাকেন। ছোট ভাই আব্দুল খালেককে কোপানোর দৃশ্য দেখে বড় ভাই আবু সাইদ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ছোট ভাই আব্দুল খালেকের মৃত্যু নিশ্চিত করে মেজো ভাই মোজাফ্ফর হোসেন পালিয়ে যান।