মিলন মেলায় দুই বাংলার কবি সাহিত্যিক

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী সাতক্ষীরা প্রেসক্লাবে দুই বাংলার কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে ৫ম মাইকেল মধুসূদন সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে পরিণত হয় দুই বাংলার কবি-সাহিত্যকদের মিলন মেলা। আলোচনা ও আবৃত্তির ছন্দময় আবেশে সেখানে সৃষ্টি হয় কাব্যিক পরিবেশ। সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। মাইকেল মধুসূদন সাহিত্য পরিষদের সম্পাদক গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মধুসূদন গবেষক সরদার রুহুল আমিন। পঞ্চম মধুসূদন সাহিত্য সম্মেলনে যোগ দিতে ভারতের কলকাতা থেকে আসেন, ড. কানাই সেন, ড.অমিতাভ চক্রবর্তী ও সাধন কুমার ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সচিব এস এম রইচ উদ্দীন, কাজী মোঃ অলিউল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। সম্মেলনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন-আদর্শ, চিন্তা-চেতনা তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যপক শেখ আজিজুল ইসলাম, সুধাংসু শেখর সরকার, শুভ্র আহমেদ, তৃপ্তি মোহন মল্লিক, প্রভাষক রফিকুল ইসলাম, কবির রায়হান, আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুই বাংলার কবি-সাহিত্যিকরা মেতে ছিলেন কাব্যিক আড্ডায়। স্বরচিত কবিতা আবৃত্তির ছন্দময় পরিবেশে চারজন বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় মাইকেল মধুসূদন সাহিত্য পরিষদ পদক। পদকপ্রাপ্তরা হলেন, প্রভাষক রফিকুল ইসলাম, অধ্যাপক তারাপদ সরকার, তপন কুমার মন্ডল ও আলী সোহরাব।