বরিশাল সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন আলতাফ

ভারপ্রাপ্ত মেয়র হিসাবে আজ সোমবার নগর ভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার। আগামী ৯ অক্টোবর নব-নির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত আলতাফ মাহমুদ সিকদার মেয়রের দায়িত্ব পালন করবেন বলে বর্তমান মেয়রের দায়িত্বে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান। তিনি ইত্তেফাককে জানান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শওকত আলী স্বাক্ষরিত একপত্রে ১নং প্যানেল মেয়রকে দায়িত্ব অর্পন করার জন্য তাকে বলা হয়েছে। তিনি বিষয়টি আলতাফ মাহমুদ সিকদারকে অবহিত করেছেন। রবিবার তিনি দলীয় নেতাকর্মী ও ওয়ার্ড কাউন্সিলরদের সাথে বৈঠক করে সোমবার আনুষ্ঠানিকভাবে নগর ভবনের এসে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন। এ তথ্যের সত্যতা স্বীকার করে আলতাফ মাহমুদ সিকদার ইত্তেফাককে জানান, ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ড থেকেই এ বছর জাতীয়তাবাদী দলের প্রার্থীরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত মেয়র তাদের একই দলের। তবুও তিনি দলের বাইরে সকল কাউন্সিলরদের সাথে আলোচনা করে সামনের কয়েকটি মাস নগর ভবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। আলতাফ মাহমুদ সিকদার ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত মোট চার বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে তত্কালীন সিটি মেয়র শওকত হোসেন হিরন বিদেশ সফরে গেলে তিনি কিছুদিন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিটি নির্বাচনে তিনি একই দলের কাউন্সিলর প্রার্থী মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান লিমনকে ৭শ’ ভোটের ব্যবধানে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হন।