মহানগরীকে শতভাগ সেনিটেশনের আওতায় নেয়ার উদ্যোগ চসিকের

চট্টগ্রাম মহানগরীকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যেসব বাড়ির মালিক এখনও খোলা পায়খানার মলমূত্র খাল ও নালা-নর্দমায় ফেলছেন তাদেরকে নিজ ভবনের জন্য অবিলম্বে সেপটিক ট্যাংক তৈরির নির্দেশ দিয়ে চিঠি দেয়া হবে। অন্যথায় এসব বাড়ির মালিকের তালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ। রবিবার বিকালে জাতীয় স্যানিটেশন কার্যক্রম বিষয়ক টাস্ক ফোর্সের এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সিটি কর্পোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, অতি শীঘ্রই প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে নাগরিক সনদ টাঙানো হবে। এ সনদে একজন নাগরিক কি কি সুযোগ-সুবিধা ভোগ করবেন তা লিপিবদ্ধ থাকবে। সভায় ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, কর্পোরেশনের সচিব রশিদ আহমদ, ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।