আজ ৮টি নার্সিং কলেজে আমরণ অনশন শুরু
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:০২
সরকারি আটটি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা আজ সোমবার সকাল ১০টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন। ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আটটি বিএসসি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা গত শনিবার থেকে পূর্ব ঘোষিত আন্দোলন শুরু করেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেবা পরিদফতর থেকে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত ঘোষণা করে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের ছয় দফা দাবি মেনে নেয়ার ব্যাপারে মন্ত্রণালয় অনমনীয় মনোভাব প্রকাশ করে আসছে। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ) সভাপতি রাজিব কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক সালমা আক্তার গতকাল রবিবার ইত্তেফাককে বলেন, তাদের ছয় দফা নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা টালবাহানা করছেন। অবশেষে তাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি তারা পালন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ ঘণ্টা প্রতীক অনশন আটটি নার্সিং কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীরা পালন করেন। তারা ঐ সময় অধ্যক্ষদের ঘেরাও করে রাখেন। বিক্ষোভ প্রদর্শন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজে ছাত্র-ছাত্রীরা প্রতীক অনশন পালন করে। অধ্যক্ষ ইরাদিব্রাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। অপর সাতটি নার্সিং কলেজেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবি নিয়ে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সচিব জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক ফলপ্রসূ হয়নি। ছাত্র-ছাত্রীদের নেতৃবৃন্দ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। বৈঠকে যুগ্ম সচিব (নার্সিং) মোশাররফ হোসেন, সেবা পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাসলিমা বেগম ও ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষা ইরাদিব্রা এবং বিবিজিএসএন-এর সভাপতি রাজিব কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক সালমা আক্তারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক জানান, ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ দাবি সম্পর্কে তিনি অভিহিত নন। তবে ছাত্র-ছাত্রীদের বৃত্তি বৃদ্ধি করা হয়েছে। এ সম্পর্কে তিনি জানেন। ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি নিরসন করবেন বলে মন্ত্রী জানান। উল্লেখ্য ছাত্র-ছাত্রীদের ছয় দফা দাবির মধ্যে বৃত্তির একটি দাবি রয়েছে। তাদের অপর পাঁচ দফা দাবি হচ্ছে, বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ন্যূনতম ছয় মাস থেকে এক বছর ইন্টার্নিশীপ চালু, মাস্টার্স কোর্সসহ উচ্চতর শিক্ষা ব্যবস্থা, বিশেষ বিসিএস-এর মাধ্যমে চাকরি নিয়োগ বিধি প্রকাশ, পৃথক সেবা অনুষদ গঠন ও নির্ধারিত ইউনিফরমের উপর প্রোটেকটিভ ক্লথ হিসেবে এপ্রোন পরিধানের অনুমতি প্রদান।