পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:০২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে আবারো অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামানের অপসারণের দাবিতে তারা এ ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান সবুজ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাপ্তাহিক ছুটির পর শিক্ষকরা ক্লাসে উপস্থিত হলে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের ক্লাস না করার অনুরোধ জানালে শিক্ষকরা ক্লাস থেকে বের হয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, গত সপ্তাহে শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস হয়নি। পরে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষকদের সমঝোতার পরে শিক্ষকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এ নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিপন্থি শিক্ষকদের সাথে সাধারণ শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান সবুজ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরকে আশ্রয় প্রশ্রয় দেয়া, কারণে-অকারণে ছাত্রদের হয়রানি করার প্রতিবাদের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তার অপসারণ দাবি করলে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত ৩০ ডিসেম্বর প্রক্টরের দায়িত্ব শেষ হলেও কেন তাকে অব্যাহতি দেয়া হয়নি প্রশাসনের নিকট আমাদের প্রশ্ন। এ ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামানের সাথে মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।