বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটির ১৬৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র অর্থ বছরের জন্য ১৬৭ কোটি ২৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছর বাজেটের পরিমাণ ছিল ১৫০ কোটি ৪৭ লাখ ১৭ হাজার টাকা। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় ডা. মিল্টন হলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫০তম সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান এ বাজেট ঘোষণা করেন। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক একেএম আনোয়ারুল আজিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএম বদরুদ্দোজা, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ঘোষিত বাজেটের মধ্যে (১৬৭ কোটি ২৯ লাখ টাকা) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জন্য ১০৫ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ৬২ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি