গুলশানে তিন হাজার ল্যান্ডফোন বিকল

ভূগর্ভস্থ ক্যাবল চুরির কারণে বিকল হয়ে পড়েছে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতায় নিকেতন ও গুলশান রোড-১ এলাকার প্রায় তিন হাজার ল্যান্ডফোন । গত শুক্রবার কোন এক সময় এই চুরির ঘটনা ঘটে। তবে শনিবার থেকে লাইন পুনঃস্থাপনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিটিসিএল’র জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ মোরশেদ। তিনি জানান, শুক্রবার গুলশান-১, রোড নং ২/৩ এর সংযোগস্থল-এর ম্যানহোল হতে রোড নং-১/২ এর সংযোগস্থলের ম্যানহোল পর্যন্ত ১৫০০ জোড়ার ১২০ মিটার ভূগর্ভস্থ ক্যাবল এবং একই রুটে অপর একটি ২০০০ জোড়ার ১২০ মিটার ভূগর্ভস্থ ক্যাবল কে বা কারা চুরি করে নিয়ে যায়। ফলে উক্ত ক্যাবলদ্বয়ের মাধ্যমে এলাকায় চালু উক্ত টেলিফোনসমূহ বিকল হয়ে পড়ে। এ ব্যাপারে গুলশান থানায় জিডি এন্ট্রি করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ইতিমধ্যে ক্যাবল প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। আশা করা যায়, আগামী ৭ দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে।