আয়তন বাড়ছে নির্বাচক কমিটির?

গতকাল আকরাম খানের নেতৃত্বাধীন তিন সদস্যের জাতীয় নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আরেকটা কৌতূহল যোগ হয়েছে ক্রিকেটে কেমন হতে যাচ্ছে ভবিষ্যত্ নির্বাচক কমিটি। এই কৌতূহল সৃষ্ঠি করে দিয়েছেন আকরাম খান নিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার ইচ্ছায় প্রধান নির্বাচক পদটায় আর খুব আগ্রহী নন সাবেক এই জাতীয় দল অধিনায়ক। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি সরে যাবেন। তার মানে, নতুন প্রধান নির্বাচকের কমিটি লাগবেই। কে হবেন সেই প্রধাণ নির্বাচক? এখনই সে জবাব খুঁজছে না বিসিবি। তারা সময় নিতে চাচ্ছে। তবে একটা ব্যাপার ঠিক যে, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি নির্বাচক কমিটির আয়তন বাড়ানোর কথা ভাবছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত সিরাজ বলেছেন, তিনি পাঁচ সদস্যের নির্বাচক কমিটি চান। এনায়েত সিরাজ যুক্তি দিয়েই নির্বাচক কমিটির আয়তন বাড়ানোর পক্ষে বললেন, ‘এখন তো অনেক বেড়ে গেছে। নির্বাচক কমিটিকে অনেকগুলো দল নিয়ে ভাবতে হয়। ফলে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো ভালো বলেই মনে করছি আমরা। আমরা ক্রিকেট অপারেশন্সের পক্ষ থেকে বোর্ডকে নির্বাচকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেব।’ পাঁচ সদস্যের নির্বাচক কমিটি হলে কমিটিতে কারা কারা থাকবেন, সেটা এখনও নিশ্চিত নয়। তবে পাঁচ সদস্যই যে সাবেক ক্রিকেটার হবেন, তাতে সন্দেহ নেই। আর এনায়েত সিরাজ চান, এখনকার তিন সদস্যই যেহেতু ভালো করছেন, তারা সবাই থাকুন, ‘নির্বাচক কমিটিতে কারা থাকবেন, সেটা তো এখনই বলা সম্ভব না। কারণ, বোর্ডে এখনও ব্যাপারটা আলোচনাই হয়নি। তবে আমি বর্তমান কমিটির কাউকে বাদ দেওয়ার পক্ষে নই। অবশ্য যদি কেউ না থাকতে চায়, আলাদা কথা।’ সেই আলাদা কথাটাই তৈরি করে দিয়েছেন আকরাম খান। ফলে সম্ভবত বোর্ডকে নতুন প্রধান নির্বাচক অন্তত খোঁজ করতে হবে। বাংলাদেশের ঐতিহ্যমতো পুরোনো কমিটির নির্বাচকদের ভেতর থেকেই কাউকে দেওয়া হয় প্রধান নির্বাচকের দায়িত্ব। আকরাম খান নিজেও এভাবেই প্রধান হয়েছিলেন। সে ক্ষেত্রে এই কমিটির সিনিয়র সদস্য মিনহাজুল আবেদীন নান্নু থাকবেন বিবেচনার শীর্ষে। নান্নু এখনই এসব নিয়ে কথা বলতে চান না। তিনি শুধু নিজের কাজটা চালিয়ে যেতে আগ্রহী, ‘আমি অন্য কিছু ভাবছি না। বোর্ড যদি চায়, আমি কাজ করে যাবো।’