এগিয়ে চলেছেন জকোভিচ ও সেরেনা

নোভাক জকোভিচ তার প্রতিদ্বন্দ্বিতা স্বাগতিক অ্যান্ডি মারের সাথে সমানে পাল্লা দিয়ে উইম্বলডনে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। গত শনিবার রাতে নিজ নিজ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জিতে শেষ ষোলয় পৌঁছেছেন দু’জনেই। একই গতিতে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামসও। রৌদ্রকরোজ্জল উইম্বলডন কোর্টে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ান জকোভিচ ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে হারান ফ্রান্সের জেরেমি ছার্ডিকে। মারের মতো তিনিও এবারের আসরে এখন পর্যন্ত খেলা নয়টি গেমের সবকটিতে জিতলেন জকোভিচ। মারের অবশ্য এদিন খেলা ছিল না। আমেরিকান সেরেনা তার ৪২ বছর বয়স্কা প্রতিদ্বন্দ্বী কিমিকো ডাতে-ক্রুমকে সেন্টার কোর্টে কোন সুযোগই দেননি। জাপানের বয়সী খেলোয়াড়টির বিরুদ্ধে শিরোপা রক্ষার লক্ষ্যে এগিয়ে চলা সেরেনা জয়ী হন ৬-২ ও ৬-০ গেমে। এবারের আসরের শিরোপা জিতলে আমেরিকানটি রজার ফেদেরারের ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্বের সমকক্ষ হবেন। বিশ্ব টেনিসের সবচাইতে পুরনো এই গ্র্যান্ড স্ল্যামটির প্রথম সপ্তাহ বেশ কয়েকজন খেলোয়াড়ের পতন, ইনজুরি ও সরে দাঁড়ানোর জন্য আলোচিত হলেও ধীরে ধীরে শিরোপা লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছেন অবশিষ্ট ফেবারিটরা। এদের মধ্যে পুরুষ বিভাগে জকোভিচ ছাড়াও ডেভিড ফেরার, টমাস বার্ডিখ, জুয়ান মার্টিন ডেল পত্রো, টমাস হাস, মিখাইল ইউজনি ও আন্দ্রেজ সেপ্পি নিজ নিজ প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হন। সেরেনার পাশাপাশি মেয়েদের বিভাগে আর যারা জয়ী হন তারা হলেন-অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, চীনের লি না, পেত্রা কভিতোভা, রবার্তো ভিঞ্চি, স্লোয়ান স্টিফেন্স ও সাবিনে লিসিচকি। পরাস্তদের মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান ওপেন জয়ী প্রতিযোগিতার ১৪তম বাছাই স্যাম স্টোসারের নাম উল্লেখ করার মতো। আগামী রবিবারের ট্রফি লড়াইয়ে বৃটিশরা স্বাভাবিকভাবেই চাইছেন তাদের আশা-ভরসার প্রতীক মারে জয়ী হন। কিন্তু ২৬ বছর বয়সী জকোভিচ যেভাবে এগিয়ে চলেছেন তাতে বলা চলে উইম্বলডনের পুরুষ বিভাগে এ দু’জনেই উত্তেজনা জিইয়ে রেখেছেন। এর মধ্যে জকোভিচ চান দ্বিতীয়বারের মতো উইম্বলডন জিতে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে বিদায় নেয়ার ক্ষত পুষিয়ে নেবেন। আপাতত তার লক্ষ্য পরবর্তী রাউন্ডের বিপক্ষ জার্মানির অভিজ্ঞ টমি হাসকে মোকাবেলা করা। মারে এদিন ছুটি উপভোগ করলেও বৃটেনের আশা জিইয়ে রাখেন মেয়েদের বিভাগে লরা রবসন। নিউজিল্যান্ডের মারিনা এরাকোভিচের বিরুদ্ধে হারতে মুখে পড়েও পাল্টা লড়াই চালিয়ে ১-৬, ৭-৫ ও ৬-৩ গেমে জয়ী হন তিনি। ১৯৯৮ সালের পর এই প্রথম কোন বৃটিশ মেয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠলেন। ১৯ বছর বয়সী রবসন পরের খেলায় এস্তোনিয়ার কাইয়া কানেপির মোকাবেলা করবেন। অপরদিকে মারের খেলা আছে মিখাইল ইউজনির বিরুদ্ধে। চীনের লি না ৩২তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্লারা জাকোপালোভার বিরুদ্ধে জিতে চতুর্থ রাউন্ডে উঠে আসেন। প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই লি না ৪-৬, ৬-০ ও ৮-৬ গেমে জয়ী হলেও শেষ সেটটিতে বিপদেই পড়েছিলেন। এদিকে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তার আমেরিকান সঙ্গী লিজেল হুবারকে নিয়ে মেয়েদের ডাবলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন। দু’জনে তাদের ইতালিয়ান জার্মান প্রতিদ্বন্দ্বী ফ্ল্যাবিয়া পেনেত্তা ও অ্যান্ডি পেতকোভিচকে সরাসরি সেটে হারান। দু’জনে এখন অবাছাই জাপানের শুকো আয়োমা ও দক্ষিণ আফ্রিকান ছেনেলে শিপার্সের মুখোমুখি হবেন।