ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগ
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবনমন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২২:২৫
বন্দরনগরী চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশেষে প্রিমিয়ার ক্রিকেট থেকে প্রথম বিভাগে নেমে গেল। তাদের মতোই দুর্ভাগ্যের কবলে পড়ে অবনমনের কবলে পড়লো আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও শতাব্দী গোষ্ঠী। তিনটি দল প্রিমিয়ার থেকে নেমে গেলেও প্রথম বিভাগের একটি দল নিমতলা লায়ন্স ক্লাব আগামী মৌসুমে উপরের বিভাগে খেলবে। এই লিগকে আকর্ষণীয় করার লক্ষ্যে আগামী মৌসুমেও প্রিমিয়ারের তিনটি দলকে নেমে যেতে হবে প্রথম বিভাগে ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন পর্বে অংশ নেয় ছয়টি দল রাইজিংস্টার ক্লাব, শতদল ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও শতাব্দী ক্লাব। এদের মধ্যে লড়াইয়ের পর প্রিমিয়ার বিভাগে টিকে গেল রাইজিং স্টার ক্লাব, ফ্রেন্ডস ক্লাব ও শতদল ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব, নওজোয়ান ক্লাব ও শতাব্দী গোষ্ঠী ২০০১ সালে প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর পর থেকে খেলে আসছিল লিগটিতে কিন্তু এবার বাজে ফলের কারণে শেষ পর্যন্ত তিন দলকেই নেমে যেতে হলো। চলতি ক্রিকেট লিগে ১৬টি দলকে নিয়ে খেলার আয়োজন হয়। প্রথম দফায় লিগ শুরু হয় গ্রুপ ভিত্তিতে, পরবর্তীতে আটটি দলকে নিয়ে সুপার লিগ এবং ছয় দল অংশ নেয় রেলিগেশনে। সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করে আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, এফএমসি স্পোর্টিং, শহীদ শাহাজাহান সংঘ, সিটি কর্পোরেশন একাদশ, শতদল জুনিয়র ক্লাব ও সিটি কর্পোরেশন জুনিয়র একাদশ। ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং এফএমসি স্পোর্টিং ক্লাব রানার্স আপ হয়।
বিলম্বে ক্রিকেট লিগ শুরুর কারণে অংশগ্রহণকারী দলগুলোকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে দফায় দফায় ম্যাচ বিঘ্নিত হওয়ায় আর্থিক ক্ষতিরও অভিযাগ তুলেন দলীয় কর্মকর্তারা। তাই অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তারা নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ক্রিকেট মৌসুম আরম্ভ করার দাবি জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের কাছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এডহক কমিটির সদস্য আ জ ম নাছির উদ্দিন তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে ইত্তেফাককে বলেন, নভেম্বর-ডিসেম্বরে ক্রিকেট মৌসুম আয়োজন করার দাবি যুক্তিযুক্ত। কিন্তু চলতি মৌসুমে বিপিএল আয়োজনের কারণে নির্ধারিত সময়ে ক্রিকেট লিগ শুরু করা সম্ভব হয়নি। আগামী মৌসুমে ক্রীড়া পঞ্জিনুযায়ী প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় বিভাগ ক্রিকেট স্থগিত
এদিকে অবিরাম বর্ষায় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে সফল খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।