শেয়ারবাজারের টাকা পেয়েছে বিরোধী দলীয় লোকেরা :অর্থমন্ত্রী

অর্থ বিভাগ খাতে বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবে সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বেশিরভাগ বক্তব্য অবান্তর। বাংলাদেশে এখন ব্যাংকিং খাত যেভাবে চলছে, আগে সেভাবে চলেনি। শেয়ার বাজারের টাকা উধাও হয়নি। এ টাকা কিছু লোক পেয়েছে, আর এগুলোর বেশির ভাগ পেয়েছে বিরোধী দলীয় লোকেরা। বিরোধী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, আপনারা বলেছেন, অর্থ মন্ত্রণালয় ব্যর্থ, এটা আপনাদের বিষয়। বিশ্ব দেখছে, আপনাদের বক্তব্যে অসত্যের বেসাতি হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে চুরির কোন নিদর্শন নেই। বিশ্বব্যাংক এতে দুর্নীতির কোন প্রমাণ দিতে পারেনি। প্রমাণ ছাড়া সবাই কথা বলছে। গতকাল জাতীয় সংসদে বাজেট পাস হবার আগে বিভিন্ন ছাঁটাই প্রস্তাবে প্রধান বিরোধী দলীয় সংসদ সদস্যদের অধিকাংশই বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে ১ টাকা করার প্রস্তাব করে। হলমার্ক, শেয়ার বাজারসহ ব্যাংকিং খাত নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেন তারা। ব্যর্থতার বিষয়গুলোর বিপরীতে অর্থমন্ত্রী বলেন, বিরোধী দলের সংসদ সসদ্যরা মনে করেন এসব ছাঁটাই প্রস্তাব পাস হলেই সরকারের পতন হবে। অতএব প্রস্তাব প্রত্যাহার করা হোক। নাহলে এগুলো সবই নাকচ হয়ে যাবে। তিনি বলেন, হলমার্কের ঘটনা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি আবারো বলছি এটা একটা চুরি, জালিয়াতি। যেখানে প্রতিবছর চার লাখ কোটি টাকার ব্যাংক ঋণ দেয়া হয় সেখানে এ চার হাজার কোটি টাকা কিছুই না, এটা আমি আবারো বলছি। আর পদ্মা সেতু ও হলমার্ক এক বিষয় নয়।