ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা

সৌদিতে ৭ জনের কারাদণ্ড

সৌদি আরবে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে সাতজনকে কারাদন্ড দিয়েছে দেশটির বিশেষ ট্রাইব্যুনাল। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস লাইভ এর। হিউম্যান রাইটস ওয়াচ গত রবিবার মানামায় উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠকরত ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছে, তারা যেন এ ঘটনার নিন্দা জানায় এবং সৌদি প্রতিণিধিদের তা বন্ধ করার জন্য বলে। তা না হলে এ ঘটনা আরো ঘটতে থাকবে বলে এক বিবৃতিতে জানান সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক জো স্টরক। ২০১১ সালে ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বলেন অভিযুক্ত সাতজন। এরপরই তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আদালতে বিচার করা হয় এবং পাঁচ থেকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। দেশটির পূর্বাঞ্চলের আল-আহসা প্রদেশের সংঘ্যালঘু শিয়া মুসলমানরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। তাদের অভিযোগ, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।