খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে :সুরঞ্জিত
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২৩:০৫
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার অনুরোধে জিএসপি সুবিধা যে বাতিল হয়েছে তা আজ জাতির সামনে স্পষ্ট। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সংক্ষুব্ধ হয়ে ওয়াশিংটন টাইমসে জিএসপি বাতিলের আহ্বান জানিয়ে লেখা নিবন্ধের জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
গতকাল রবিবার শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামরুজ্জামানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, জিএসপি সুবিধা বাতিল হওয়ায় বিএনপিসহ ১৮ দল উত্সব করছে। খালেদা জিয়া দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে জয়ী হয়েছেন। তারা গোড়া কেটে আগায় পানি দিয়ে মায়া কান্না করছে।
সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ওলামা লীগের সভাপতি ইলিয়াস হুসাইন বিন হেলালী, সংগঠনের সাধারণ সম্পাদক এইচএমএস চৌধুরী সুজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।