তারেক-মামুনের অর্থ পাচার মামলায় আরো একজনের সাক্ষ্য গ্রহণ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় আরো একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল রবিবার এ মামলার ১১ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সোনালী ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের জেনারেল ম্যানেজার ওমর ফারুক ভুঁইয়া। তবে মামলার অপর সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সৈয়দ আহসানুল হক সাক্ষ্য দিতে আদালতে হাজির থাকলেও তার সাক্ষ্য গ্রহণ করা হয়নি। সাক্ষী ওমর ফারুককে আংশিক জেরার পর সাক্ষ্য গ্রহণ মুলতবি এবং আসামি গিয়াসউদ্দিন আল মামুনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জাহিদুল ইসলাম কোয়েল। দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল জামিন আবেদন শুনানির সময় আদালতকে জানান, মামলাটি প্রায় শেষ পর্যায়ে। এ দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পরই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর পরই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হবে। এ পর্যায়ে তিনি মামুনের জামিন আবেদনের বিরোধিতা করেন। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোতাহার হোসেন সাক্ষীর জবানবন্দি ও আংশিক জেরা গ্রহণ করেন। দুদক পিপির ঘোর আপত্তির মুখে বিচারক মামুনের জামিন নাকচ করেন ও সাক্ষীকে অবশিষ্ট জেরার জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন। এ সময় মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।