সংসদীয় আসনের এলাকা বহালের দাবিতে বাঘারপাড়ায় হরতাল
প্রকাশ : ৩০ জুন ২০১৩, ২৩:০৭
যশোর-৪ সংসদীয় আসনের এলাকা বহাল রাখার দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলায় গতকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে স্থানীয় নাগরিক ফোরাম। সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে, খণ্ড খণ্ড মিছিল বের করে রাস্তায় পিকেটিং করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলা শহরের দোকানপাটসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। উপজেলায় কোনো ভারি যানবাহন ঢুকতে দেয়া হয়নি। ফলে বাঘারপাড়ার সঙ্গে অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। নিরাপত্তা জোরদার করতে দিনভর মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।
উল্লেখ্য, বর্তমানে বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং যশোর সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে যশোর-৪ সংসদীয় আসন। এই সীমানা পরিবর্তন করে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলাকে নিয়ে যশোর-৪ আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হবে বলে সম্প্রতি পত্রিকায় খবর প্রকাশিত হলে বাঘারপাড়ার সব শ্রেণীর মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।