শ্রীপুরে স্কুলছাত্রের রহস্যময় মৃত্যু

মুলাইদ গ্রামের আমতলী এলাকার আব্দুর রাজ্জাক ফকিরের পুকুর থেকে স্কুল ছাত্র খোকনের(১৪) মৃত দেহ গত শনিবার রাতে উদ্ধার করে পুলিশ। সে মাওনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির আবাসিক ছাত্র। এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম বাদী হয়ে গতকাল রবিবার শ্রীপুর থানায় ঐ স্কুলের অধ্যক্ষ রওশন হাসান রুবেলসহ ৮ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। অধ্যক্ষ রওশন হাসান রুবেল বলেন, ১৫/২০জন ছাত্র গত শনিবার ফুটবল খেলে কাদাযুক্ত শরীর নিয়ে পাশের পুকুরে গোসল করতে যায়। সবাই ফিরে এলেও খোকন ফিরে আসেনি। রাতে খোঁজার পরে পুকুর পাড়ে তার মৃত দেহ পাওয়া যায়। এ মৃত্যুকে তিনি একটি ‘দুর্ঘটনা’ বলে দাবি করেন। নিহতের পরিবার অভিযোগ করে জানায়, এ ঘটনায় চিহ্নিত অপরাধীদের গ্রেফতার না করতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। নিহত খোকনের সহপাঠীরা জানায়, ঘটনার পরপরই শিক্ষক কর্মচারীরা কে কোথায় গেছে তারা কেউ জানে না।