চট্টগ্রামে যুবক খুনের ঘটনায় ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামের লোহাগাড়ায় মুল্লুক নামে এক যুবক খুনের মামলায় নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ডের আদেশ দেয়। দণ্ডিত আসামিরা হলেন—খোকন, সাত্তার, আব্দুস সবুর, এজ?াহার, মোহাম্মদ রফিক, বাদশা, হারুন, হালিমা খাতুন ও গফুর। গতকাল রবিবার জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মোমিনুল্লাহ এ রায় প্রদান করেন। এ সময় আদালত নির্দোষ প্রমাণিত হওয়ায় দু’জনকে বেকসুর খালাস প্রদান করে। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৭ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামে মদ, গাঁজাসহ মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুল্লুক নামে এক যুবক খুন হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই মানিক বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।