ধলেশ্বরীর অবৈধ বাঁধ কেটে দিয়েছে প্রশাসন
খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০১৩, ২১:৩৬
কালিহাতী উপজেলার শ্যামশৈলে ধলেশ্বরী নদীর উপর অবৈধ বাঁধ কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। বাঁধটি কাটায় সেখান দিয়ে পানি প্রবাহ শুরু হলে ওপাড়ে দেখা দেয় ভাঙন। ফলে হুমকির মুখে পড়েছে সেখানকার কলা বাগান।
সরেজমিনে দেখা যায়, ধলেশ্বরী নদী যমুনা নদীর মিলনস্থলের কিছুটা আগে নদীর পানি চলাচল বন্ধ করে যে বাঁধ দেয়া হয়েছিল সেটি কাটা হয়েছে। বাঁধের দক্ষিণ পাশে কাটায় পানির স্রোত গিয়ে আঘাত করছে পাড়ে। ফলে ওই পাড়ে ভাঙন শুরু হয়েছে। পাড়ের বিশাল এলাকা নিয়ে আবাদ করা হয়েছে কলা। ভাঙন শুরু হওয়ায় কলাবাগান হুমকির মুখে পড়েছে। বাঁধের বেশিরভাগ এখনও রয়েছে। পুরো বাঁধ কেটে ফেলা হলে ভাঙন থেকে জমি রক্ষা পাবে বলে জমির মালিক ও স্থানীয়রা জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল যমুনা নদী থেকে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যেত। ট্রাক দিয়ে সহজে বালু আনার জন্য তারা ধরেশ্বরী নদীতে অবৈধভাবে বাঁধ দেয়। এদিকে বর্ষা মৌসুম শুরু হওয়ায় যমুনা নদী থেকে ধলেশ্বরী নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। বাঁধের পূর্ব পাড়ে পানি শুকিয়ে যায়। বিষয়টি টাঙ্গাইল জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে তারা গত বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে বাঁধের এক পাশ কেটে দেয়া হয়। পশ্চিম পাড়ে জমে থাকা যমুনা নদীর পানি প্রবল বেগে ধলেশ্বরীর পূর্বদিকে ঢুকতে থাকে। বাঁধের বাকি অংশ না কাটায় পানির চাপ পড়ে একপাশে। ফলে বুধবার থেকেই ভাঙন শুরু হয়।