জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে পুনঃঅর্থায়ন তহবিল গঠিত

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব খাতে বিনিয়োগের জন্য দুইশ’ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। শহর ও পল্লী এলাকায় গৃহস্থলী বা ব্যবসা প্রতিষ্ঠানে সৌরশক্তি প্যানেল স্থাপন, সৌর ফটোভোল্টেজ সংযোজন প্লান্ট বা শিল্প স্থাপনে ব্যাংকগুলোর অর্থায়নের বিপরীতে এ স্কিমের সুবিধা দেয়া হবে। এছাড়া গৃহস্থলী বা বাণিজ্যিক ভিত্তিতে ব্যায়োগ্যাস প্লান্ট বা সমন্বিত গরুপালন ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনে এবং শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনেও এ তহবিলের অর্থ ব্যয় করা যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গ্রিনব্যাংকিং ও সিএসআর কার্যক্রম বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, সৌরশক্তি, বায়োগ্যাস ও বর্জ্য ও পরিশোধন প্লান্ট খাতে পুন:অর্থায়ন স্কীম নামে ২০০৯ সালে ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়। সময়ের বিবর্তনে নবায়নযোগ্য জ্বালানী ও পরিবেশবান্ধব কার্যক্রমের পরিধি ও চাহিদা বৃদ্ধি পাওয়ায় সবুজ অর্থায়নের (গ্রিন ফাইন্যান্সিং) মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার নামে নতুন এ তহবিল গঠন করা হলো। আগের তহবিলের অর্থ নতুন এ তহবিলে ব্যবহূত হবে। সার্কুলারে খাতভিত্তিক ঋণের আওতা, গ্রাহক পর্যায়ে ঋণসীমা, ঋণপ্রাপ্তির যোগ্যতা, ঋণ ও নিজস্ব মূলধনের অনুপাত, গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়কাল, গ্রাহক পর্যায়ে সুদের হার, পুনঃঅর্থায়নের ঋণ পরিশোধের সময়কাল, কর্ম সম্পাদন প্রভৃতি বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।